তারায় তারায় রটিয়ে দেব–প্রনব কুমার কুন্ডু (রুদ্র)
Taray Taray Rotiye Debo
Pranab Kumar Kundu
Nakshatra Publishers
MRP: ₹70 (Discount Price may vary)
“একদিন মরে যাব জানি, আপাতত বেঁচে আছি! যাপনলিপি যত যন্ত্রণা দেয়, তত একা হতে হতে আত্মধ্বংসের নেশা জাগে। জ্বলতে, জ্বালাতে কিছুই পারি না। অতএব, প্রতিটা দিনের উপহাস, উপেক্ষা, অভিমান, অভিসার, কষ্ট, করুণা, সুখ, অসুখ, ক্ষয়ে যাওয়া সুকতলা, মাথাব্যথা, বিবেকব্যথা— বড়ো কৌতুক নিয়ে দারুণ উপভোগ করছি। হয়তো ভালো আছি!
“কবি” শব্দটার দায়বদ্ধতা অনেক। দরকার শক্ত শিরদাঁড়া আর তীক্ষ্ণ কলম। আমার এ দুটোই ভাঙাচোরা, হেরে যাওয়া। আমি দৃশ্য, শ্রাব্য ও অনুভবের ভেতর থেকে অনুভূতি লিখি। আমার লেখাগুলোকে আমি অনুভূতিই বলি। কবিতা বলা ঠিক হবে না বোধ হয়।
আসলে কোনোদিন কবিতা লিখতে পারিনি— তা জানি। কবিতা লিখতে হলে অনেক পড়া ও শোনার দরকার। কবিতার নানা থিয়োরি, ছন্দ, মাত্রা, পর্ব, দেশ-বিদেশের বর্তমান কবিতা লেখার ধরন, গতি-প্রকৃতি—আরও কত কী। এত সব জটিল হিসাব-নিকাশ আমার বোধের বাইরে। তাই অনুভূতি লিখি। কার্যত এটা একটা ফাঁকি। নকলকে আসল বলে চালানো। অথবা আসলের থেকে শত যোজন দূরে দাঁড়িয়ে শুধুই মরীচিকা দেখা।
এইসব লেখাকে ই-বুক আকারে এনে দিয়েছেন “নক্ষত্র” পরিবার। বিশেষ ধন্যবাদে নয়, আন্তরিক ভালোবাসার শুভেচ্ছায়, ঋণে আবদ্ধ হলাম।
বইয়ের একটা লাইনও যদি কোনো পাঠকের ভালো লাগে, তা জানতে পারলে আমি তাকে আমার ঠোঁট বাঁকানো হাসি উপহার দেব।”